খাগড়াছড়ি : ভ্রাতৃঘাতী
সংঘাত বন্ধ করে বৃহত্তর জুম্ম জাতীয় ঐক্যের আহ্বানে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি(এমএন
লারমা)-এর জাতীয় সম্মেলন শুরু হয়েছে। আজ বুধবার খাগড়াছড়ি শহরের খাগড়াপুর কমিউনিটি
সেন্টারে তিন দিনের এই সম্মেলন শুরু হয়।
মহালছড়ি উপজেলা পরিষদ
ভাইস চেয়ারম্যান কাকলী খীসার সভাপতিত্বে এ সম্মেলনে স্বাগত বক্তব্য দেন সংগঠনের কো-চেয়ারম্যান
ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য রুপায়ন দেওয়ান।
সম্মেলনে বাংলাদেশের ওয়ার্কার্স
পার্টির কেন্দ্রীয় সদস্য মুক্তার হোসেন তারা এবং দেওয়ান রাভিদ হাসান বন্ধু প্রতিম
সংগঠনের প্রতিনিধি হিসেবে যোগ দেন।
পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন
এলাকা থেকে জেএসএস’র নেতা-কর্মী ও সমর্থকরা সম্মেলনে অংশগ্রহণ করেন।
সম্মেলনে বক্তারা আশঙ্কা
প্রকাশ করে বলেন, পার্বত্য চট্টগ্রামে চলমান রাজনৈতিক সহিংসতা বন্ধ না হলে পাহাড়িদের
অস্তিত্ব হুমকির মুখে পড়তে পারে।
জনসংহতি সমিতির খাগড়াছড়ি
জেলা সভাপতি সুধাকর ত্রিপুরার সঞ্চালনায় সম্মেলনে আরো বক্তব্য দেন পার্বত্য চট্টগ্রাম
আঞ্চলিক পরিষদের সদস্য সুধাসিন্ধু খীসা, বাঘাইছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান সুদর্শন
চাকমা, দীঘিনালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ধর্মবীর চাকমা, জেএসএস নেতা শক্তিমান চাকমা
ও বিভু রঞ্জন চাকমা, পার্বত্য চট্টগ্রাম যুব সমিতির সভাপতি সমীর চাকমা ও পাহাড়ি ছাত্র
পরিষদের কেন্দ্রীয় সভাপতি অংসাথোই মারমা কিলু প্রমুখ।
তিনদিন ব্যাপী সম্মেলন
শেষে একটি পূর্ণঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে জানা গেছে।
-----
