সিএইচটি নিউজ বাংলা, ২৯
জুন ২০১৩, শনিবার
ডেস্ক রিপোর্ট : ঐতিহাসিক
সান্তাল ‘হুল’(সান্তাল বিদ্রোহ) দিবস উপলক্ষ্যে প্রচারিত এক লিফলেটে জাতীয় জাতিসত্তা
মুক্তি সংগ্রাম পরিষদ অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হয়ে গণসংগ্রাম গড়ে তোলার আহ্বান জানিয়েছে।
আগামীকাল ৩০ জুন সান্তাল হুল দিবসের ১৫৮ বর্ষপূর্তি উপলক্ষ্যে প্রচারিত একটি লিফলেটে
এ আহ্বান জানানো হয়।
লিফলেটে বলা হয়, বাংলাদেশের
বিভিন্ন এলাকার আদিবাসী ও সংখ্যালঘু জাতিসত্তা তাদের ভূমি এবং অস্তিত্ব নিয়ে এক চরম
সংকটাপন্ন অবস্থায় রয়েছে। সরকারি ভূমি কর্মকর্তারা পরিকল্পিতভাবে নামীয় ভূমিকে
“শত্রু সম্পত্তি” করে, যে খাস জমিতে আদিবাসীরা যুগ যুগ ধরে বসবাস করছে, ভোগ দখল করে
আসছে সেই জমি এবং আদিবাসীদের কবরস্থানগুলো প্রভাবশালী বাঙালিদের লীজ দিয়ে আদিবাসীদের
উচ্ছেদ করছে। এইভাবে নওগাঁর ধামইরহাট উপজেলার জগৎনগর মৌজার সান্তালদের
জমি প্রথমে ‘শত্রু সম্পত্তিতে’ পরিণত করে প্রভাবশালী বাঙালিদের লীজ দিয়ে এক পর্যায়ে
একজন সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা তা ক্রয় করে নিয়েছে। পার্শ্ববর্তী জগদল মৌজার জনৈক
সান্তাল আদিবাসীর ৭.৫ একর জমি মইশড় মৌজার এক ভূমিদস্যু জাল দলিল করেছে, তাদের বিরুদ্ধে
ফৌজদারি ও সিভিল মামলা দায়ের করেছে এবং তাদের উচ্ছেদ করার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।
পত্নীতলা উপজেলার সুবর্ণপুর গ্রামের একটি ওরাঁও পরিবার স্থানীয় ইউপি চেয়ারম্যানের
ইন্ধনে বসতভিটা থেকে উচ্ছেদ হয়েছে। আদিবাসী ও সংখ্যালঘু জাতিসত্তাসমূহের ওপর এ ধরণের
অত্যাচার নিপীড়ন নিত্যদিনের ঘটনা। আমাদের জন্ম-ই যেন অত্যাচারিত হওয়ার জন্য। এভাবেই
দখলদারদের হুমকী, পুলিশ ও প্রশাসনের হয়রানি, মিথ্যা মামলা মোকাবেলা করতে না পেরে উত্তর
বঙ্গের আদিবাসীগণ ক্রমেই ভূমি থেকে উচ্ছেদ হয়ে যাচ্ছেন।
