সিএইচটি নিউজ বাংলা, ২৬
জুলাই ২০১৩, শুক্রবার
খাগড়াছড়ি : খাগড়াছড়ির মাটিরাঙ্গা
উপজেলার গুইমারা থানাধীন বাল্যাছড়ি সাইনবোর্ড এলাকা থেকে সেনাবাহিনী কর্তৃক আটক সুমন্ত
ত্রিপুরা(২২) ও কিরণ বিকাশ ত্রিপরাকে(২২) আজ ২৬ জুলাই শুক্রবার সকালে গুইমারা থানা
থেকে ৫৪ ধারায় আটক দেখিয়ে খাগড়াছড়ি জেল হাজতে পাঠানো হয়েছে। আটকের পর গতকাল বৃহস্পতিবার
রাতে সেনা সদস্যরা তাদেরকে গুইমারা থানায় হস্তান্তর করে।
বৃহস্পতিবার বেলা দেড়টার
দিকে মাটিরাঙ্গা জোনের সেনা সদস্যরা মাটিরাঙ্গার বাল্যাছড়ি সাইনবোর্ড এলাকায় নির্মল
ত্রিপুরার দোকান থেকে রেংখং পাড়ার জগদীশ ত্রিপুরার ছেলে সুমন্ত ত্রিপুরা (২২) ও ওয়াসুর
বাসিন্দা মনিন্দ্র ত্রিপুরার ছেলে কিরণ বিকাশ ত্রিপুরাকে (২৫) ধরে নিয়ে যায়। আটককৃতদের
মধ্যে সুমন্ত ত্রিপুরা পাহাড়ি ছাত্র পরিষদ মাটিরাঙ্গা উপজেলা শাখার সাবেক সভাপতি। বর্তমানে
তিনি ইউএনডিপি পরিচালিত রেংখং বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করছেন।
ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক
ফ্রন্ট (ইউপিডিএফ) খাগড়াছড়ি ইউনিটের সংগঠক প্রদীপন খীসা সেনাবাহিনী কর্তৃক বিনা অপরাধে
দুই নিরীহ পাহাড়ি যুবককে আটকের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবং অবিলম্বে তাদের
মুক্তি দাবি করেছেন।
প্রদীপন খীসা উক্ত দুই
ব্যক্তির গ্রেফতারকে মানবাধিকার লঙ্ঘনের জঘন্য দৃষ্টান্ত উল্লেখ করে বলেন, রাষ্ট্রীয়
বাহিনীর সদস্যরা দেশের সংবিধান-স্বীকৃত মৌলিক অধিকারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে খেয়াল খুশী
মত যাকে তাকে যখন তখন আটক করবে তা হতে পারে না।