সিএইচটি নিউজ বাংলা, ২৭ জুলাই ২০১৩, শনিবার
লক্ষীছড়ি (খাগড়াছড়ি):
খাগড়াছড়ির লক্ষীছড়ি উপজেলার বর্মাছড়ি ইউনিয়নের কুদুকছড়ি বাজার এলাকা থেকে সেনা মদদপুষ্ট
বোরকা পার্টির সশস্ত্র সন্ত্রাসী কর্তৃক আজ ২৭ জুলাই শনিবার ভোররাতে নিজ বাড়ি থেকে
মগ্যা চাকমা(৪৫) নামে এক নিরীহ গ্রামবাসী অপহৃত হয়েছেন। তিনি কুদুকছড়ি বাজার পাড়ার
চিবাগালা চাকমার ছেলে।
অপহৃত মগ্যা চাকমা খুবই গরীব ও নিরীহ। তিনি ফটিকছড়ি
উপজেলার নানুপুরের বাসিন্দা মো: শরীফের বাগানে চৌকিদার হিসেবে কাজ করে জীবিকা নির্বাহ
করেন।
জানা যায়, শনিবার ভোররাত আনুমানিক ৪টার দিকে গাছবন্যা
এলাকা থেকে বোরকা পার্টির একদল সশস্ত্র সন্ত্রাসী কুদুকছড়ি বাজার পাড়ায় এসে হানা দেয়।
এ সময় সন্ত্রাসীরা নিজ বাড়ি থেকে মগ্যা চাকমাকে অপহরণ করে নিয়ে যায়। কি কারণে তাকে
অপহরণ করা হয়েছে তা জানা যায়নি। তবে এলাকাবাসীর ধারণা, সামাজিক বা ব্যক্তিগত আক্রোশের
কারণে এ ঘটনা ঘটতে পারে।
-----