সোমবার, ১ জুলাই, ২০১৩

খাগড়াছড়িতে অবরোধে সংঘর্ষের ঘটনায় ২৫০ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ

সিএইচটি নিউজ বাংলা, ১ জুলাই ২০১৩, সোমবার

ছবি সৌজন্যে: গণতান্ত্রিক যুব ফোরাম ফেসবুক পেজ

খাগড়াছড়ি : গণতান্ত্রিক যুব ফোরামের ডাকে গতকাল ৩০ জুন রবিবার খাগড়াছড়িতে সড়ক অবরোধ চলাকালে পুলিশের সাথে পিকেটারদের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় পুলিশ গণতান্ত্রিক যুব ফোরামের ২৫০ জন নেতা-কর্মী ও সমর্থকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বলে বিডিনিউজ সূত্রে জানা গেছে।

আজ ১ জুলাই সোমবার সকালে পুলিশ বাদী হয়ে ১৪ জনের নাম উল্লেখ করে অবশিষ্টদের অজ্ঞাত পরিচয় দেখিয়ে খাগড়াছড়ি সদর থানায় মামলাটি দায়ের করা হয়।

অবরোধ চলাকালে পুলিশ পিকেটারদের বাধা দিলে দক্ষিণ খবংপুজ্জে এলাকার বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পুলিশ কমপক্ষে ১০০ রাউন্ড রাবার বুলেট, ২৫ রাউন্ড টিয়ার শেল ও বেশ কয়েক রাউন্ড গুলি চালায়।

খাগড়াছড়ি অতিরিক্ত পুলিশ সুপার জয়নুল আবেদিনের বরাত দিয়ে বিডিনিউজ জানিয়েছে, অবরোধ চলাকালে পিকেটারদের সাথে সংঘর্ষে ২০ পুলিশ আহত হয়েছে।

অপরদিকে, গণতান্ত্রিক যুব ফোরাম অভিযোগ করে বলেছে, শান্তিপূর্ণ অবরোধ চলাকালে পুলিশ বিনা কারণে পিকেটারদের লক্ষ্য করে রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করেছে এবং দক্ষিণ খবংপুজ্জে এলাকায় ঢুকে এলাকার সাধারণ নারী-পুরুষকে লক্ষ্য করে বেপরোয়া গুলি চালালে চঞ্চলা চাকমা(৫০) ও অপর দুই নারী সহ কমপক্ষে ৬ জন আহত হয়েছে। এর মধ্যে চঞ্চলা চাকমাকে গুরুতর আহত অবস্থায় চট্টগামে মেডিকেলে ভর্তি করা হয়েছে। এ বর্বরোচিত হামলাকে আড়াল করতে পুলিশ উক্ত মিথ্যা মামলা দায়ের করেছে।

অবিলম্বে এ মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য যুব ফোরাম দাবি জানিয়েছে।

উল্লেখ্য, সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিল, রাঙামাটিতে সংরক্ষিত বনাঞ্চল ঘোষণার নামে অবৈধ ভূমি বেদখল প্রক্রিয়া বন্ধ ও রামগড়ে ম্রেলাপু কার্বারী পাড়া থেকে ৫০ পাহাড়ি পরিবারকে উচ্ছেদের পতিবাদে গণতান্ত্রিক যুব ফোরাম খাগড়াছড়ি ও রাঙামাটিতে গতকাল  এ অবরোধ কর্মসূচি পালন করে।
-----