শনিবার, ২৯ জুন, ২০১৩

মাটিরাঙ্গায় বিজিবি কর্তৃক আটক গ্রামবাসীর মুক্তি

সিএইচটি নিউজ বাংলা, ২৯ জুন ২০১৩, শনিবার

মাটিরাঙ্গা(খাগড়াছড়ি) : খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার গোমতি ইউনিয়নের রনজিৎ হেডম্যান পাড়া থেকে  বিজিবি সদস্য কর্তৃক গতকাল ২৮ জুন শুক্রবার রাতে আটক বাপ্পি ত্রিপুরাকে(৪২) আজ শনিবার সকাল ১০টার দিকে মুক্তি দেয়া হয়েছে। বিজিবি পলাশপুর জোন থেকে রনজিৎ হেডম্যানের জিম্মায় তাকে ছেড়ে দেয়া হয় বলে জানা গেছে।

আটক হওয়া বাপ্পি ত্রিপুরা রনজিৎ হেডম্যান পাড়ার মৃত দজেন্দ্র ত্রিপুরার ছেলে।

উল্লেখ্য গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার সময় পলাশপুর জোন থেকে একদল বিজিবি সদস্য রনজিৎ হেডম্যান পাড়ায় হানা দেয়। বিজিবি সদস্যরা প্রথমে রনজিৎ হেডম্যানের বাড়ি ঘেরাও করে তল্লাশি চালায়। এ সময় সেখানে অবস্থানরত সরকারীভাবে প্রতিবন্ধী জরিপকারী কয়েকজনকেও তারা ব্যাপক জিজ্ঞাসাবাদ করে।

এরপর বিজিবি সদস্যরা বাপ্পি ত্রিপুরার বাড়ি ঘেরাও করে তাকে ঘুম থেকে তুলে আটক করে পলাশপুর জোনে নিয়ে যায়। আটকের ১১ ঘন্টা পর আজ সকাল ১০টায় পলাশপুর জোন থেকে তাকে মুক্তি দেয়া হয়।

----