বৃহস্পতিবার, ১৩ জুন, ২০১৩

অনির্দিষ্টকালের জন্য গোমতি বাজার বয়কটের ডাক গণতান্ত্রিক যুব ফোরামের

সিএইচটি নিউজ বাংলা, ১৩ জুন ২০১৩, বৃহস্পতিবার

খাগড়াছড়ি: খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার পলাশপুর জোনের বিজিবি কর্তৃক এলাকার নিরীহ পাহাড়িদের উপর নিপীড়ন ও বেআইনীভাবে ধরপাকড় এবং গোমতি বাজার এলাকায় অন্যায় ১৪৪ ধারা জারি করে সমাবেশ করতে বাধা প্রদানের প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য গোমতি বাজার বয়কটের ডাক দিয়েছে গণতান্ত্রিক যুব ফোরাম।

আজ ১৩ জুন বৃহস্পতিবার খাগড়াছড়ির তিন উপজেলা মাটিরাংগা, রামগড়, মানিকছড়ি এবং খাগড়াছড়ি-ঢাকা ও খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ পালন শেষে এ বাজার বয়কটের ডাক দেয়া হয়।

যুব ফোরামের মাটিরাংগা উপজেলা কমিটির সভাপতি পঞ্চসেন ত্রিপুরাকে হত্যার প্রতিবাদে পূর্বনির্ধারিত সমাবেশ করতে না দিয়ে সমাবেশের নির্ধারিত স্থান গোমতি বাজার এলাকায় প্রশাসন কর্তৃক অযৌক্তিক ১৪৪ ধারা জারি, ৮ জুন মাটিরাংগা উপজেলা'র পলাশপুর জোনের বিজিবি কর্তৃক যুব ফোরাম ও পিসিপি'র দুই নেতাকে বেআইনী আটকের প্রতিবাদ ও তাদের নিঃশর্ত মুক্তি এবং মাটিরাংগা-গোমতি এলাকায় সাধারণ পাহাড়িদের হয়রানি বন্ধে দাবিতে উক্ত তিন উপজেলায় আজ বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সড়ক অবরোধ কর্মসূচি পালন করে সংগঠনটি।

অবরোধের কারণে তিন উপজেলা সহ খাগড়াছড়ি-ঢাকা ও খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে আভ্যন্তরীণ ও দূরপাল্লার সব ধরনের যান চলাচল বন্ধ ছিল।

সড়ক অবরোধ চলাকালে বড় ধরনের কোন অপ্রীতিকর ঘটনা না ঘটলেও সকাল ৯টার দিকে রামগড়ের হাফছড়ি প্রাইমারী স্কুল সংলগ্ন এলাকায় পিকেটিং করতে গেলে সেটলার বাঙালিরা পিকেটারদের উপর হামলার চেষ্টা চালায়। এছাড়া সকাল সাড়ে ১০টার দিকে মাটিরাঙ্গার বাল্যাছড়ি স্কুল বাজার এলাকায় সেনাবাহিনী কয়েক রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে আতঙ্ক সৃষ্টি করে।

গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সভাপতি নতুন কুমার চাকমা এক বিবৃতিতে অবরোধ কর্মসূচি সফল করায় সকল যানবাহন মালিক সমিতি, শ্রমিক সংগঠন ও এলাকার সর্বস্তরের জনসাধারণের প্রতি ধন্যবাদ জানিয়েছেন।

বিবৃতিতে তিনি অভিযোগ করে বলেন, যুব ফোরাম নেতা পঞ্চসেন ত্রিপুরাকে হত্যার প্রতিবাদে আমরা গোমতি বাজারে শান্ত্মিপূর্ণভাবে সমাবেশ করতে চেয়েছিলাম। কিন্তু প্রশাসন অত্যন্ত সুপরিকল্পিতভাবে সমাবেশ স্থলে অগণতান্ত্রিকভাবে ১৪৪ ধারা জারি করে আমাদেরকে সমাবেশ করতে বাধা দিয়েছে। অথচ পঞ্চসেন ত্রিপুরাকে হত্যার পর প্রায় একমাস অতিক্রান্ত হলেও পুলিশ এখনো হত্যাকারীদের গ্রেফতার করেনি।

তিনি আরো বলেন, গত ৮ জুন দুপুর ১ টা'র দিকে গোমতি এলাকায় গণসংযোগ করে বাড়ি ফেরার পথে বিজিবি'র পলাশপুর জোন কমান্ডার লে.ক. নূরুজ্জামানের নেতৃত্বে এক দল বিজিবি সদস্য বিনা কারণে গণতান্ত্রিক যুব ফোরামের মাটিরাংগা উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক সুশান্ত ত্রিপুরা ও পিসিপি মাটিরাংগা উপজেলা কমিটির সদস্য অমল ত্রিপুরাকে আটক করে তাদের বিরুদ্ধে মিথ্যা অস্ত্র মামলা দিয়ে জেল হাজতে পাঠিয়েছে।

তিনি বলেন, বিজিবি পালাশপুর জোনের জোন কমান্ডারসহ কিছু স্বার্থন্বেষী মহল গোমতি এলাকাসহ পার্বত্য চট্টগ্রামে সাম্প্রদায়িকতাকে ফেনিয়ে তুলে স্বার্থ হাসিলের চেষ্টা করছে। এব্যাপারে সজাগ ও সতর্ক থাকার জন্য সকল সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তিনি।

বিবৃতিতে তিনি অবলিম্বে আটককৃতদের নিঃশর্ত মুক্তি ও তাদের বিরম্নদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার, পঞ্চসেন ত্রিপুরার হত্যাকারীদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি এবং মাটিরাংগা-গোমতি এলাকায় সাধারণ জনগণের উপর নিরাপত্তা বাহিনীর হয়রানি বন্ধ করার জোর দাবি জানান।

তিনি অনির্দিষ্টকালের গোমতি বাজার বয়কট কর্মসূচি সফল করার জন্য গোমতি এলাকার সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।

তিনি সভা-সমাবেশ ও মিছিল মিটিঙের উপর হস্তক্ষেপ বন্ধ করে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করার জন্য প্রশাসনের প্রতিও আহ্বান জানিয়েছেন।
------