সিএইচটি নিউজ বাংলা,
১৮ ফেব্রুয়ারি ২০১৩, সোমবার
খাগড়াছড়ির দিঘীনালায়
সেটলাররা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির চেষ্টা চালিয়েছে বলে খবর পাওয়া গেছে।
জানা যায়, আজ ১৮
ফেব্রুয়ারি সোমবার সকালে শিক্ষা সংক্রান্ত ৫ দফা বাস্তবায়নের দাবিতে পাহাড়ি ছাত্র
পরিষদ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দিঘীনালায় বিক্ষোভ মিছিলের আয়োজন করে। এ সময়
গাড়ি পার্কিংকে কেন্দ্র করে মো: রিয়াজ নামে এক বাঙালি ড্রাইভারের সাথে মিছিলে অংশগ্রহণকারী
ছাত্রদের মধ্যে সামান্য কথা কাটাকাটি হয়। এর জের ধরে সেটলাররা মিছিলে অংশগ্রহণকারী
৪ জন ছাত্রকে মারধর করে। তারা হলেন নয়ন মনি ত্রিপুরা (১৫), উজ্জ্বল ত্রিপুরা(১৬),
কীর্তিময় ত্রিপুরা(১৫) ও রাসেল চাকমা(১৭)। এ ঘটনার পর পরপরই দিঘীনালা থানার ওসির মধ্যস্থতায় এ বিষয়টি মিটমাট করা হয়।
এরপরও এ ঘটনাকে ভিন্নখাতে
প্রবাহিত করতে সেনাবাহিনীর উস্কানিতে সেটলাররা বাঙালি ছাত্র পরিষদের ব্যানারে বিকালে
দিঘীনালা সদরে বিক্ষোভ মিছিল বের সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টির চেষ্টা চালায়। এতে
পাহাড়িরাও সংঘবদ্ধ হয়ে প্রতিরোধের প্রস্তুতি নেয়। পরে প্রশাসন সেটলারদের মিছিল
করতে বাধা দেয় এবং মিছিল ছত্রভঙ্গ করে দেয়। ফলে সেটলারদের এ পরিকল্পনা ভেস্তে যায়।
সেটলাররা যে কোন সময় আবারো এ ধরনের সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পারে বলে
এলাকাবাসী আশঙ্কা প্রকাশ করছেন।