সিএইচটি নিউজ বাংলা, ২২ ডিসেম্বর ২০১২,
শনিবার
রাঙামাটির কাউখালী উপজেলার বড়ডলু গ্রামে পাহাড়ি
স্কুল ছাত্রী তুমাচিং মার্মাকে(১৪) ধর্ষণের পর হত্যার প্রতিবাদে এবং ধর্ষণকারীদের গ্রেফতারপূর্বক
দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে হিল উইমেন্স ফেডারেশন আজ ২২ ডিসেম্বর শনিবার খাগড়াছড়িতে
বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
খাগড়াছড়ি জেলা সদরের স্বনির্ভর বাজার থেকে
বেলা ২টায় একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে চেঙ্গী স্কোয়ারে গিয়ে এক সমাবেশ করে। এতে বক্তব্য রাখেন
গণতান্ত্রিক যুব ফোরামের খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি নিকোলাস চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি উমেশ চাকমা
ও হিল উইমেন্স ফেডারেশনের খাগড়াছড়ি জেলা শাখার দপ্তর সম্পাদক শিখা চাকমা।
বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি নারীদের উপর ধর্ষণ, খুন ও নির্যাতনের ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক
শাস্তি না হওয়ায় এ ধরনের ঘটনা বার বার সংঘটিত হচ্ছে।
বক্তারা অবিলম্বে তুমাচিং মারমাকে ধর্ষণের
পর হত্যার সাথে জড়িতদের খুঁজে বের করে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সমাবেশ শেষে চেঙ্গী স্কোয়র থেকে মিছিলটি
আবারো স্বনির্ভর বাজারে গিয়ে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্যে দিয়ে শেষ হয়।
উল্লেখ্য, গতকাল ২১ ডিসেম্বর
শুক্রবার বিকাল ৪টার সময় বাড়ির পার্শ্ববর্তী জমি থেকে তুমাচিং মারমা গরু আনতে গেলে
সেখানে তাকে ধর্ষণের পর হত্যা করা হয়। পরে সন্ধ্যায় উলঙ্গ অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। তুমাচিং মারমা কাউখালী
বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী এবং চলতি মাসে অনুষ্টিত জেএসসি পরীক্ষায়
অংশ নিয়েছিল। সে বড়ডলু গ্রামের মৃত সুইথুইপ্রু মার্মার মেয়ে।