সিএইচটি নিউজ বাংলা, ৫ ডিসেম্বর ২০১২, বুধবার
মানিকছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ির মানিকছড়ি
উপজেলার দোজরী ও মহিষখালী গ্রাম থেকে ইউপিডিএফ’র চার কর্মী পরিবারকে নিজ বাড়ি থেকে উচ্ছেদ করে দিয়েছে বোরকা
সন্ত্রাসীরা। এরা হলেন ইউপিডিএফ সদস্য শ্রুতি মোহন চাকমার স্ত্রী আলপনা
চাকমা ও তার দুই মেয়ে, অশোক কুমার চাকমার স্ত্রী সোনারাণী চাকমা ও তার ২ বছর ও ৯
মাস বয়সী দুই ছেলে, বিজয় চাকমার স্ত্রী গুড়িমিলা চাকমা ও তার ১২ ও ৮ বছর বয়সী ২
ছেলে ও ৭ মাস বয়সী এক মেয়ে এবং গোপাল চাকমার স্ত্রী সোনালী চাকমা ও তার ১১ বছর
বয়সী এক ছেলে ও ৩ বছর বয়সী এক মেয়ে। তাদের স্বামীরা ইউপিডিএফের কাজ করে
এটাই হচ্ছে তাদের অপরাধ।
জানা যায়, গতকাল ৪ ডিসেম্বর মঙ্গলবার দুপুর ১টার দিকে অভিযান ও
মায়াধন চাকমার নেতৃত্বে ১১ জনের একদল সশস্ত্র বোরকা সন্ত্রাসী মহিষখালী ও
দোজরী গ্রামে গিয়ে উক্ত ৪ পরিবারের উপর এক তান্ডবলীলা চালায়। সন্ত্রাসীরা
জোরপূর্বক তাদেরকে বাড়ি থেকে বের করে দেয় এবং বাড়িঘর ভাংচুর করে। এর আগেও
সন্ত্রাসীরা শ্রুতি মোহন চাকমার স্ত্রী আলপনা চাকমাকে মারধর করে ও তার ব্যবহৃত
মোবাইল ফোন কেড়ে নেয়। সন্ত্রাসীরা তাদেরকে সেখানে অন্যত্র চলে যাওয়ার নির্দেশ দেয়।
ফলে তারা খুবই অসহায়ভাবে অন্যত্র চলে যেতে বাধ্য হন। পরনের কাপড়-চোপড় পর্যন্ত সাথে নেয়ার
সুযোগ দেয়নি সন্ত্রাসীরা। বর্তমানে তারা নিজ নিজ আত্মীয়ের বাড়িতে
কষ্টকর অবস্থায় রয়েছেন বলে জানা গেছে।
উল্লেখ্য, সেনা মদদপুষ্ট বোরকা পার্টির সশস্ত্র সন্ত্রাসীরা
দীর্ঘদিন ধরে মানিকছড়ি ও লক্ষ্মীছড়ি এলাকায় খুন, অপহরণ, মুক্তিপণ আদায়, চাঁদাবাজি
ও নানা অপকর্ম সংঘটিত করে আসছে। কিন্তু প্রশাসন তাদের বিরুদ্ধে কোন পদক্ষেপতো
গ্রহণতো দূরের কথা বরং তারাই এসব সশস্ত্র সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয় দিয়ে লালন পালন
করছে। ফলে সন্ত্রাসীরা বেপরোয়া হয়ে নানা ধরনের অপকর্ম করতে উৎসাহী হয়ে উঠেছে।