সোমবার, ৫ আগস্ট, ২০১৩

মাটিরাঙ্গার তাইন্দংয়ে পাহাড়ি গ্রামে হামলার ঘটনায় ৪ জন আটক

সিএইচটি নিউজ বাংলা, ৫ আগস্ট ২০১৩, সোমবার

খাগড়াছড়ি : খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তাইন্দং ইউনিয়নের কয়েকটি পাহাড়ি গ্রামে হামলা, বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে আজ সোমবার দুপুর পর্যন্ত পুলিশ চারজনকে আটক করেছে।

আটককৃতরা হলেন, কামাল হোসেন (৩৫), স্থানীয় আবিদ আলী মেম্বার, কামরুজ্জামান ও আবু হানিফ।

এদিকে, এ হামলায় ক্ষতিগ্রস্ত অনিল চাকমা বাদী হয়ে ৩০ থেকে ৩৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরো ২০০ জনের বিরুদ্ধে মাটিরাঙ্গা থানায় একটি মামলা দায়ের করেছেন।

মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইনুদ্দিন জানান, অন্য আসামিদের গ্রেফতারে ব্যাপক পুলিশি অভিযান শুরু হয়েছে।
উল্লেখ্য যে, গত ৩ আগস্ট শনিবার বাঙালি মোটরসাইকেল চালক কামাল হোসেন অপহরণের গুজব ছড়িয়ে তাইন্দং এলাকার চারটি গ্রামে সেটলাররা হামলা, বাড়িঘরে অগ্নিসংযোগ, ভাংচুর ও ব্যাপক লুটপাট চালায়। এ সময় ভয়ে বাড়িঘর ছেড়ে পালিয়ে গিয়ে প্রায় এক হাজার ৭০০ পাহাড়ি সীমান্তের নোম্যান্স ল্যান্ডে আশ্রয় নেয়।