ঢাকা : গত ৩ আগস্ট খাগড়াছড়ি
জেলার মাটিরাংগা উপজেলার তাইন্দং ইউনিয়নে পরিকল্পিতভাবে অপহরণের মিথ্যা গুজব ছড়িয়ে
পাহাড়ি গ্রামে সেটলার বাঙালিদের হামলা, অগ্নিসংযোগ, লুটপাট ও হত্যার প্রতিবাদে গণতান্ত্রিক
যুব ফোরাম আজ ৫ আগস্ট সোমবার বিকাল সাড়ে ৩টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এক বিক্ষোভ
মিছিল ও সমাবেশ করেছে।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে
উপস্থিত থেকে বক্তব্য রাখেন গণতান্ত্রিক যুব ফোরামের সাধারণ সম্পাদক মাইকেল চাকমা,
হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি নিরূপা চাকমা, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের
সভাপতি সামিউল আলম, পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি থুইক্যচিং মারমা।
সমাবেশে বক্তারা বলেন মাটিরাংগা’র
তাইন্দং-এ পাহাড়ি গ্রামে হামলার ঘটনা ছিল পূর্বপরিকল্পিত। কামাল হোসেন নামে জনৈক বাঙালি
সেটলার অপহৃত হওয়ার খবরকে গুজব ও ভিত্তিহীন আখ্যায়িত করে বলেন, হামলার মিথ্যা অজুহাত
সৃষ্টি করতেই উদ্দেশ্যমূলকভাবে এ গুজব ছড়ানো হয়েছে। হামলাকারীদের মূল উদ্দেশ্য ছিল
পাহাড়িদের ভূমি থেকে উচ্ছেদ করা এবং তাঁদের ভূমি বেদখল করা।
বক্তারা অভিযোগ করে বলেন,
হামলার সময় বিজিবি সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত থাকলেও হামলা কারীদের নিবৃত না করে নীরব
দর্শকের মতো দাঁড়িয়ে ছিল।
----