শনিবার, ৩ আগস্ট, ২০১৩

তাইন্দং-এ পাহাড়ি গ্রামে সেটলার হামলার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ

সিএইচটি নিউজ বাংলা, ৩ আগস্ট ২০১৩, শনিবার


খাগড়াছড়ি : খাগড়াছড়ির মাটরিাঙ্গা উপজলোর তাইন্দংয়ে পরিকল্পিতভাবে পাহাড়ি গ্রামে সেটলার হামলা, লুটপাট ও বাড়িঘরে অগ্নিসংযোগের প্রতিবাদে গণতান্ত্রিক যুব ফোরাম, পাহাড়ি ছাত্র পরিষদ ও হিল উইমেন্স ফেডারেশন তাৎক্ষণিকভাবে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল করেছে।

আজ ৩ আগস্ট শনিবার বিকাল  ৫টায় স্বনির্ভরস্থ ইউপিডিএফ’র কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে নারাঙহিয়া, উপজেলা, চেঙ্গী স্কোয়ার হয়ে মাজন পাড়ার সূর্যশিখা ক্লাবের সামনে ঘুরে চেঙ্গী স্কোয়ারে এসে এক প্রতিবাদ সমাবেশ করে।  গণতান্ত্রিক যুব ফোরামের খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি নিকোলাস চাকমা ও হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাদ্রী চাকমা এতে বক্তব্য রাখেন।

বক্তারা  তাইন্দং-এ পাহাড়ি গ্রামে সেটলার হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন,  অপহরণ নাটক সাজিয়ে  পাহাড়িদের নিজ ভূমি থেকে উচ্ছেদ করে ভূমি বেদখলের উদ্দেশ্যে সেটলাররা পরিকল্পিতভাবে এ হামলা  চালিয়েছে এবং পাহাড়িদের বাড়িঘরে অগ্নিসংযোগ করেছে।

বক্তারা অবিলম্বে হামলাকারী সেটলারদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি ও এ ধরনের ঘটনা বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।
----