সিএইচটি নিউজ বাংলা, ১৪
জুলাই ২০১৩, রবিবার
রাঙামাটি: রাঙামাটির কাপ্তাই
উপজেলার চিৎমরম এলাকায় দলীয় কোন্দলের জের ধরে থোয়াই চিং মারমা ওরফে
লালখোয়া (২৪) নামে তাদের এক কর্মীকে হত্যা করেছে জেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র সন্ত্রাসীরা।
আজ ১৪ জুলাই সকাল ৯টার
দিকে উপজেলার চন্দ্রঘোনার আগাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাত দিয়ে একটি সূত্র জানায়, লালখোয়া দীর্ঘদিন
ধরে সন্তু গ্রুপের দলীয় নীতি বহির্ভুত কাজ করে আসছিলেন। কয়েকদিন ধরে তিনি ঐ এলাকায়
চাঁদাবাজি সহ নানা অপকর্ম চালাচ্ছিলেন। এ নিয়ে তার সাথে দলের স্থানীয় নেতা-কর্মীদের
মধ্যে দ্বন্দ্বের মাত্রা বৃদ্ধি পায়। এর জের ধরে তাকে গুলি করে হত্যা করা হয়েছে।
রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে উপজেলার চন্দ্রঘোনার আগাপাড়া এলাকায় একদল সশস্ত্র দুর্বৃত্ত ওই যুবককে গুলি করে হত্যা করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে।
-----