সিএইচটি নিউজ বাংলা, ২০
জুলাই ২০১৩, শনিবার
খাগড়াছড়ি : খাগড়াছড়ি শহরের
কলেজ গেট এলাকায় সেটলার বাঙালিরা বেপরোয়াভাবে পাহাড়ি মালিকানাধীন ব্যাটারিচালিত অটোরিক্সা(টমটম)
ভাঙচুর চালিয়েছে। আজ ২০ জুলাই শনিবার তারা এ ভাঙচুর চালায়।
জানা যায়, গণতান্ত্রিক
যুব ফোরামের বিক্ষোভ মিছিল চলাকালে কে বা কারা পরিকল্পিতভাবে একটি বাঙালি মালিকানাধীন
অটোরিক্সা ভাংচুর করে। এই অটোরিক্সা ভাংচুরকে কেন্দ্র করে চেঙ্গীস্কোয়ারে সমাবেশ শেষে
যুব ফোরামের মিছিলটি স্বনির্ভরের দিকে ফিরে আসার সময় খাগড়াছড়ি সরকারী কলেজ গেইট সংলগ্ন
কাশেম টেলিকম-এর স্বত্তাধিকারী মোঃ কাশেম ও দিদারের নেতৃত্বে একদল সেটলার বাঙালি এক
বিক্ষোভকারীকে ধরে নিয়ে কাশেম টেলিকম দোকানের ভেতর মারধর করে।
এ ঘটনা জানাজানি হলে বিক্ষোভকারীরা
তাৎক্ষণিকভাবে এর প্রতিবাদ জানায় এবং ঐ বিক্ষোভকারীকে উদ্ধারের জন্য পুলিশের
কাছে দাবী জানাতে থাকে। পরে পুলিশ সেটলার বাঙালিদের হাত থেকে বিক্ষোভকারীকে উদ্ধার
করে নিয়ে আসলে পরিস্থিতি শান্ত হয়।
কিন্তু এ ঘটনার জের ধরে
পূর্ব থেকে প্রস্তুতি নিয়ে থাকা সেটলার দুর্বৃত্তরা সংঘবদ্ধ হয়ে কলেজ গেইট এলাকায় পাহাড়ি
মালিকানাধীন বেশ কয়েকটি অটোরিক্সা ভাংচুর করে। এ সময় ছবি তুলতে গেলে সেটলাররা সংবাদ
কর্মীদের সাথেও দুর্ব্যবহার করে।
এ ভাংচুরের সময় সেখানে
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত থাকলেও অজ্ঞাত কারণে তারা দুর্বৃত্তদের
গ্রেফতার করেনি।
সেটলার দুর্বৃত্তদের কর্তৃক
পরিকল্পিত ও বেপরোয়াভাবে অটোরিক্সা ভাংচুরের ঘটনায় গণতান্ত্রিক যুব ফোরাম তীব্র নিন্দা
ও প্রতিবাদ জানিয়েছে।
গণতান্ত্রিক যুব ফোরামের
কেন্দ্রীয় দপ্তর সম্পাদক নিকোলাস চাকমার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে অবিলম্বে
টমটম ভাংচুরকারী ও মিছিলের উপর হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী
জানানো হয়েছে।
-----