শনিবার, ৮ জুন, ২০১৩

মাটিরাঙ্গায় বিজিবি কর্তৃক যুব ফোরাম ও পিসিপি'র দুই সদস্য গ্রেফতার

সিএইচটি নিউজ বাংলা, ৮ জুন ২০১৩, শনিবার
মাটিরাঙ্গা প্রতিনিধি: খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার গোমতি ইউনিয়নের তাইপা এলাকা থেকে আজ ৮ জুন শনিবার দুপুর ১টার সময় পলাশপুর জোনের বিজিবি সদস্যরা গণতান্ত্রিক যুব ফোরাম ও পাহাড়ি ছাত্র পরিষদের দুই সদস্যকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন গণতান্ত্রিক যুব ফোরামের মাটিরাঙ্গা উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক সুশান্ত ত্রিপুরা(২৫) ও পাহাড়ি ছাত্র পরিষদের মাটিরাঙ্গা উপজেলা শাখার সদস্য অমল ত্রিপুরা(১৮)।
জানা যায়, আজ ৮ জুন শনিবার সকালে যুব ফোরাম ও পাহাড়ি ছাত্র পরিষদের একটি টিম গোমতি ও তবলছড়ি এলাকায় সাংগঠনিক কাজে যায়। আগামী ১০ জুন গোমতি বাজারে আহুত সমাবেশ সফল করার জন্য তারা এলাকার জনগণের সাথে মিটিং করেন। মিটিং শেষে ফেরার পথে তাইপা এলাকা থেকে পলাশপুর জোনের বিজিবি সদস্যরা তাদেরকে গ্রেফতার করে নিয়ে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত (বিকাল ৫টা) তাদেরকে ছেড়ে দেয়া হয়নি।

এদিকে, গণতান্ত্রিক যুব ফোরামের সভাপতি নতুন কুমার চাকমা ও পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি থুইক্যচিং মারমা এক যৌথ বিবৃতিতে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

বিবৃতিতে তারা অবিলম্বে গ্রেফতারকৃতদের নিঃশর্ত মুক্তি ও বিনাকারণে গ্রেফতার-হয়রানি বন্ধের দাবি করেছেন।
------