বুধবার, ১২ জুন, ২০১৩

খাগড়াছড়ি’র তিন উপজেলায় আগামীকাল বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ

সিএইচটি নিউজ বাংলা, ১২ জুন ২০১৩, বুধবার

খাগড়াছড়ি : আগামীকাল ১৩ জুন বৃহস্পতিবার খাগড়াছড়ির তিন উপজেলা মাটিরাঙ্গা, রামগড়, মানিকছড়ি সহ খাগড়াছড়ি-চট্টগ্রাম ও খাগড়াছড়ি-ঢাকা সড়কে সকাল-সন্ধ্যা অবরোধের ডাক দিয়েছে গণতান্ত্রিক যুব ফোরাম।

যুব ফোরামের মাটিরাঙ্গা উপজেলা কমিটির সভাপতি পঞ্চসেন ত্রিপুরাকে হত্যার প্রতিবাদে বৃহস্পতিবার পূর্বনির্ধারিত সমাবেশ করতে না দেওয়া এবং সমাবেশের নির্ধারিত স্থান গোমতি বাজার এলাকায় প্রশাসন কর্তৃক অযৌক্তিক ১৪৪ ধারা জারি এবং গত ৮ জুন মাটিরাংগা উপজেলা’র পলাশপুর জোনের বিজিবি সদস্য কর্তৃক যুব ফোরাম ও পিসিপি’র দুই নেতাকে বেআইনী আটকের প্রতিবাদে উক্ত তিন উপজেলায় আগামীকাল সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সড়ক অবরোধ পালন করা হবে বলে গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাইকেল চাকমা স্বাক্ষরিত এক বিবৃতিতে জানানো হয়েছে।

বিবৃতিতে অভিযোগ করে বলা হয়, মাটিরাংগা উপজেলাধীন গোমতি বাজার এলাকায় সমাবেশ করার বিষয়ে প্রশাসনকে আগাম অবগত করা হলেও আজ ১২ জুন বিকালের দিকে হঠাৎ মাইকিং করে সভা সমাবেশের উপর বিধিনিষেধ আরোপ করে প্রশাসন ১৪৪ ধারা জারি করে। যা সম্পূর্ণ অগণতান্ত্রিক এবং সংবিধান স্বীকৃত মৌলিক অধিকার পরিপন্থী।

এতে আরো বলা হয়, গত ৮ জনু দুপুর ১ টা'র দিকে গোমতির সমাবেশের জন্য গণসংযোগ করে বাড়ি ফেরার পথে পলাশপুর বিজিবি জোনের কমান্ডার লে. কর্নেল নুরুজ্জামানের নেতৃত্বে এক দল বিজিবি সদস্য গণতান্ত্রিক যুব ফোরাম মাটিরাংগা উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক সুশান্ত ত্রিপুরা ও পিসিপি মাটিরাংগা উপজেলা কমিটির সদস্য অমল ত্রিপুরাকে বেআইনীভাবে আটক করে।

সভা সমাবেশের উপর বেআইনী নিষেধাজ্ঞা বন্ধ, আটককৃত যুব ফোরাম ও পিসিপি নেতাদের নিশঃর্ত মুক্তি এবং মাটিরাংগা-গোমতি এলাকায় সাধারণ পাহাড়িদের হয়রানি বন্ধের দাবিতে এ সড়ক অবরোধের ডাক দেয়া হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

সড়ক অবরোধ চলাকালে ফায়ার সার্ভিস, সাংবাদিক ও সংবাদপত্র বহনকারী গাড়ি, এম্বুলেন্স, ওষধপত্র বহনকারী গাড়ি অবরোধের আওতামুক্ত থাকবে।

উক্ত সড়ক অবরোধ সফল করার জন্য সকল যানবাহন মালিক সমিতি, শ্রমিক সংগঠন ও অত্র এলাকার সর্বস্তরের জনসাধারণের প্রতি আহ্বান জানানো হয়েছে।

-----