বুধবার, ১২ জুন, ২০১৩

চট্টগ্রামে কল্পনা চাকমাকে অপহরণের ১৭ বছর উপলক্ষে আলোচনা সভা

সিএইচটি নিউজ বাংলা, ১২ জুন ২০১৩, বুধবার

চট্টগ্রাম: হিল উইমেন্স ফেডারেশন নেত্রী কল্পনা চাকমাকে অপহরণকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে গণতান্ত্রিক যুক ফোরাম চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে আজ ১২ জুন বুধবার বিকেল সাড়ে ৪টায় জামাল খানস্থ গণতান্ত্রিক বিপ্লবী জোট কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কল্পনা চাকমাকে অপহরণের ১৭ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন গণতান্ত্রিক যুব ফোরাম চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি জিকো মারমা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউপিডিএফ চট্টগ্রাম অঞ্চলের সংগঠক বকুল চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সদস্য এসি মং মারমা, বন্দর থানা শাখার সভাপতি বিজয় চাকমা, সদস্য শুভ চাক, শ্রমিক নেতা অর্পন চাকমা ও পাহাড়ি ছাত্র পরিষদ চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি সুকৃতি চাকমা।

বক্তারা বলেন, গত ১৭ বছরে প্রত্যেক সরকার মরিয়া হয়ে কল্পনা চাকমার অপহরণকারীদের রক্ষা করেছে। তদন্তের নামে প্রহসন করা হয়েছে। যার কারণে পার্বত্য চট্টগ্রামে ধর্ষণসহ নারী নির্যাতনের ঘটনা বেড়ে গেছে।

মাত্র কয়েকজন অপরাধীকে রক্ষা করতে গিয়ে সেনাবাহিনী নামক গোটা প্রতিষ্ঠানের ভাবমূর্তিও আজ প্রশ্নবিদ্ধ করা হয়েছে বলে মন্তব্য করে আলোচকবৃন্দ আরো বলেন, ঘটনার সময় অপহরণকারী লে: ফেরদৌসসহ কয়েকজনকে চেনা গেছে বলে অভিযোগ করার পরও সাক্ষীদের বক্তব্য আমলে নেয়া হয়নি।


নেতৃবৃন্দ তদন্তের নামে তালবাহানা না করে ন্যায়বিচারের স্বার্থে অবিলম্বে অপহরণকারীদের গ্রেফতার পূর্বক যথাযথ শাস্তি বিধানের দাবি জানান।
----