রবিবার, ৯ জুন, ২০১৩

মতভেদের কারনে পাহাড়িদের ঐক্য নষ্ট করা যাবেনা: বোমাং রাজা উচপ্রু চৌধুরী

সিএইচটি নিউজ বাংলা, ৯ জুন ২০১৩, রবিবার

নাইক্ষ্যংছড়ি(বান্দরবান) : বান্দরবানের ১৭তম বোমাং রাজা উচপ্রু চৌধুরী নাইক্ষ্যংছড়িতে হেডম্যান-কারবারীদের এক কর্মশালায় বলেছেন, সকল মতভেদ দূর করে প্রত্যেক নাগরিককে ঐতিহ্যের সম্প্রীতি রক্ষা করতে হবে। গণতন্ত্র অনুযায়ী যে যার পছন্দ অনুযায়ী রাজনীতি করতে পারে, কিন্তু সেই রাজনীতির কারনে যাতে পাহাড়িদের ঐক্য নষ্ট না হয় সে লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

গতকাল শনিবার (০৮জুন) সকাল ১১ টায় নাইক্ষ্যংছড়ি উপজেলার ১৭টি মৌজা হেডম্যানদের নিয়ে গঠিত সংগঠন হেডম্যান এসোসিয়েশন কর্তৃক আয়োজিত এম.পি.সি.সি উন্নয়ন মূলক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। এসময় তিনি ইউএনডিপির অর্থায়নে নব নির্মীত হেডম্যান এসোসিয়েশন কার্যালয় ঘুরে দেখেন।  তিনি পর্যায়ক্রমে মৌজা হেডম্যানদের সহযোগিতার আশ্বাস দেন।

২৭৫নং ভাল্লুকখাইয়া মৌজা হেডম্যান ও বীর মুক্তিযোদ্ধা মংশৈ প্রু চৌধুরীর সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্যে ইউএনডিপির বান্দরবান জেলা ম্যানেজার খুশি রায় ত্রিপুরা বলেন, পাহাড়িরা এমনিতেই শিক্ষায় পিছিয়ে রয়েছে। শিক্ষা ছাড়া কোন মানুষের জীবনের উন্নয়ন সম্ভব নয়।

তিনি বলেন, আধুনিক যুগেও প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মৌজা হেডম্যানরা প্রথাগত ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের ভুমিকা পালন করে আসছে। তাই আগামীতে তাদের মধ্যেও নারী নেতৃত্ব তুলে আনার আহ্বান জানান। কর্মশালায় হেডম্যান এসোসিয়েশনের উন্নতির জন্য সহযোগিতার আশ্বাস দেন তিনি।

কর্মশালায় হেডম্যানদের মধ্যে বক্তব্য রাখেন, ২৭৬নং তরগু হেডম্যান মংনু মার্মা, ২৮৩ ঈদগড় মৌজা হেডম্যান থোয়াইহ্লা অং মার্মা, ২৮০নং আলীক্ষং মৌজা হেডম্যান চহ্লামং মার্মা। এ সময় মৌজা হেডম্যানরা মাসিক ভাতা বৃদ্ধি, জুম ভুমি রক্ষা ও পাহাড়িদের মধ্যে অনেকে দেশ ত্যাগ করার মূল কারণ চিহ্নিত করার দাবী জানান।

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বোমাং সার্কেলের সিনিয়র সদস্য চহ্লা প্রু জিমি, সাচি প্রু হেডম্যান, নাইক্ষ্যংছড়ি থানার এসআই অমিত কুমার বড়ুয়া প্রমুখ।
----