সিএইচটি নিউজ বাংলা, ১৮
জুন ২০১৩, মঙ্গলবার
মাটিরাংগা প্রতিনিধি: খাগড়াছড়ির
মাটিরাংগায় পাহাড়িদের ঘরবাড়ি জালিয়ে দেয়ার হুমকি দিয়েছে সেটলার বাঙালিরা। আজ ১৮ জুন
মঙ্গলবার সকালে মাটিরাংগা উপজেলার বাইল্যাছড়ি সাইনবোর্ড এলাকায় পাহাড়িদেরকে তারা এ
হুমকি দেয়।
জানা যায়, পার্বত্য ভূমি
বিরোধ নিষ্পত্তি কমিশন আইনের সংশোধনী ধারা বাতিলের দাবিতে সেটলার বাঙালিদের সংগঠনগুলোর
ডাকা ৭২ ঘন্টা হরতাল চলাকালে আজ সকালে ১৫/২০ জনের একদল সেটলার মাটিরাংগা উপজেলার
বাইল্যাছড়ি স্কুল পাড়া ও সাইনবোর্ড এলাকায় গিয়ে পাহাড়িদেরকে জোরপূর্বক দোকানপাট বন্ধ
করতে বাধ্য করে। এ ঘটনার পর পাহাড়িরা সংঘবদ্ধ হয়ে তাদের এই জবরদস্তি কাজের বিরোধিতা
করে এবং দোকান খুলতে চাইলে সেটলাররা উত্তেজনা সৃষ্টির চেষ্টা চালায়। এক পর্যায়ে সেটলাররা
পাহাড়িদেরকে প্রকাশ্য হুমকি দিয়ে বলে “বেশি বাড়াবাড়ি করো না, রাতে তোমাদের বাড়িঘর আগুন
দিয়ে জ্বালিয়ে দেবো।” এ সময় পুলিশ উপস্থিত থাকলেও নীরব দর্শকের ভূমিকা পালন করে। পরে
সেনাবাহিনী ঘটনাস্থলে এসে পাহাড়িদেরকে সেখান থেকে সরে যেতে বলে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ
করা হবে বলে আশ্বস্থ করে।
এছাড়াও আরো জানা গেছে,
গতকাল সোমবার রাতে সেটলাররা মুসলিম পাড়া, গইয়া পাড়া, চড় পাড়া, আদর্শগ্রাম ও নতুন পাড়ায়
পৃথক পৃথকভাবে মিটিং করে সিদ্ধান্ত নিয়েছে যে, ৭২ ঘন্টা হরতাল শেষ হলে তারা পাহাড়ি
গ্রামে হামলা চালাবে। ফলে এ নিয়ে উক্ত এলাকায় পাহাড়িদের মধ্যে চাপা আতঙ্ক বিরাজ করছে।
বর্তমানে এলাকায় সেনাবাহিনীর টহল বাড়ানো হয়েছে বলে জানা গেছে।
-----