সোমবার, ২৯ অক্টোবর, ২০১২

চট্টগ্রামে এক পাহাড়ি স্কুল ছাত্রী বাঙালি কর্তৃক গণধর্ষণের শিকার


সিএইচটি নিউজ বাংলা, ২৯ অক্টোবর, সোমবার
চট্টগ্রাম : বন্দর নগরী চট্টগ্রামে নবম শ্রেণীতে পড়ুয়া এক পাহাড়ি স্কুল ছাত্রী (১৫) বাঙালি কর্তৃক গণধর্ষণের শিকার হয়েছে বলে খবর পাওয়া গেছে। তাকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করা হয়েছে। গতকাল ২৮ অক্টোবর রবিবার নাসিরাবাদের টেকনিক্যাল এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, সন্ধ্যার সময় ঐ স্কুল ছাত্রী তার এক পুরুষ সঙ্গীকে(পাহাড়ি) সাথে নিয়ে নাসিরাবাদ এলাকায় একটি স্থানে বেড়াতে যায়। সেখানে বসে আড্ডা দেয়ার সময় ৬ জন বাঙালি যুবক তাদেরকে ঘিরে ধরে। এ সময় বাঙালিরা ছাত্রীর সঙ্গে থাকা তার পুরুষ সঙ্গীকে মারধর করে এবং ঐ ছাত্রীকে এক জায়গায় নিয়ে গিয়ে পালাক্রমে ধর্ষণ করে মুমুর্ষ অবস্থায় ফেলে রেখে যায়। পরে ঘটনাটি জানাজানি হলে ঐ স্কুল ছাত্রীকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করা হয়।

এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে পুলিশ স্কুল ছাত্রীর সঙ্গে থাকা তার পুরুষ সঙ্গীকে গ্রেফতার করেছে বলে জানা গেছে। তবে, ধর্ষণকারী বাঙালি যুবকদের কাউকে এখনো গ্রেফতার করতে পারেনি।