সিএইচটি নিউজ বাংলা, ২২ জুলাই ২০১২
বান্দরবান জেলার থানচি উপজেলার ৩নং থানচি
ইউনিয়নের ৩৬২ নং থানচি মৌজাধীন থানচি বাস স্টেশন এলাকায় পাহাড়িদের
রেকর্ডিয় ও ভোগদখলীয় জায়গাসহ প্রায় ৪০ একর জায়গা অধিগ্রহণ করে বিজিবি
(বর্ডার গার্ড বাংলাদেশ) ক্যাম্প স্থাপনের ষড়যন্ত্র
চলছে বলে
অভিযোগ পাওয়া গেছে। গতকাল ২১ জুলাই শনিবার
বিজিবি থানচি বাজার ক্যাম্পের অধিনায়ক সুবেদার হাশেম নোটিশ জারি করে পাহাড়ি-বাঙালিদের
ক্যাম্পে ডেকে পাঠিয়ে এ বিষয়ে আলোচনা করেন। সকাল ১১টায় অনুষ্ঠিত এ আলোচনায় থানচি জোনের বিজিবি অধিনায়ক লে:
কর্ণেল মোমেন (১০ বেঙ্গল) উপস্থিত ছিলেন।
থানচি বাস স্টেশনের পাশে ফরেস্টর পাড়া ও নাইজারি
পাড়া নামে পাহাড়িদের দুটি পাড়া রয়েছে। এ দুটি পাড়ার মধ্যে ফরেস্টর পাড়ায় ৩০ পরিবার মারমা ও নাইজারি
পাড়ায় প্রায় ৪০ পরিবার মারমা ও ত্রিপুরা যুগ যুগ ধরে বসবাস করে আসছে। এ এলাকায় বিজিবি ক্যাম্প
স্থাপন করা হলে এ দুটি পাড়া থেকে পাহাড়িরা উচ্ছেদ হয়ে যাবে। এছাড়া বাস স্টেশনের
আশে-পাশের এলাকা থেকে পাহাড়ি-বাঙালি সবাইকে উচ্ছেদ হতে হবে বলে এলাকাবাসী আশঙ্কা প্রকাশ
করেছেন।