সিএইচটি নিউজ বাংলা, ১৩ মে ২০১২
ইউনাইটেড পিপল্স ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর
বান্দরবান জেলার প্রধান সংগঠক ছোটন কান্তি তঞ্চঙ্গ্যা ও গণতান্ত্রিক যুব ফোরামের বান্দরবান
জেলা আহ্বায়ক কমিটির সদস্য জলমনি তঞ্চঙ্গ্যা বান্দরবান জেলা ম্যাজিস্ট্রেট আদালতের
জামিনে মুক্তি পেয়েছেন। এ্যাডভোকেট আমিনুর রশিদ তাদের মামলার কার্যক্রম পরিচালনা করেন। আজ
রবিবার দুপুর ১২টায় বান্দরবান জেলা ম্যাজিস্ট্রেট আলি
আক্কাস তাদের জামিন মঞ্জুর করেন। বিকাল ২.৩০টায় তাদেরকে
বান্দরবান জেল থেকে মুক্তি দেয়া হয়। তাদের বিরুদ্ধে দায়েরকৃত
মামলা নং জি আর-১২৩ ধারা-১৪৩/৩২৩/৩২৬/৩০৭(৩৪) দ:বি, তারিখ ১১ মে ২০১২।
গত ১০ মে বৃহস্পতিবার রাতে জেএসএস (সন্তু)-এর
লেলিয়ে দেয়া একদল সন্ত্রাসী পাহাড়ি ছাত্র পরিষদের পোস্টার লাগানোর নাম করে বান্দরবান
সদরের বালাঘাটায় গিয়ে ইউপিডিএফ কর্মী শুদ্ধমনি তঞ্চঙ্গ্যাকে অপহরণের চেষ্টা চালায়। এ সময় এলাকাবাসী তাকে
উদ্ধারে এগিয়ে আসলে এলাকাবাসীর সাথে সন্ত্রাসীদের ধস্তাধস্তির ঘটনা ঘটে। এ ঘটনায় ষড়যন্ত্রমূলকভাবে
ছোটন কান্তি তঞ্চঙ্গ্যাসহ ১৬ জনকে আসামি করে জেএসএস-এর পক্ষ থেকে গত ১১ মে শুক্রবার বিকালে বান্দরবান সদর থানায় একটি মিথ্যা মামলা দায়ের
করলে ঐদিন সন্ধ্যা ৭.৩০টায় পুলিশ নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করে। পরদিন তাদেরকে বান্দরবান
জেল হাজতে পাঠানো হয়।
উল্লেখ্য, গত ১৮ ফেব্রুয়ারি ২০১০
সালে সন্তু গ্রুপের সদস্যরা বালাঘাটায় ছোটন কান্তি তঞ্চঙ্গ্যাকে হত্যার চেষ্টা চালিয়েছিল। উপস্থিত জনতা সন্ত্রাসীদের
একজনকে অস্ত্রসহ ধরে পুলিশের হাতে তুলে দেয়। পরে আদালতে ওই ব্যক্তির সাজা হয়। ছোটন কান্তি তঞ্চঙ্গ্যা
২০০৮ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবান আসনে প্রতিদ্বন্দ্বিতা
করেন।