বুধবার, ২ মে, ২০১২

ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের শুনানী বন্ধের দাবি জানিয়েছে ইউপিডিএফ

সিএইচটি নিউজ বাংলা, ২ মে ২০১২
ইউনাইটেড পিপল্‌স ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সভাপতি প্রসিত খীসা এক বিবৃতিতে পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের এক তরফা শুনানীকে প্রহসন আখ্যায়িত করে অবিলম্বে তা বন্ধের দাবি জানিয়েছেন।

'কমিশনের শুনানীর উদ্দেশ্য হলো বহিরাগত সেটলারদেরকে স্বৈরাচারী এরশাদের আমলে দেয়া অবৈধ ভূমি বন্দোবস্তকে বৈধতা দেয়ার ষড়যন্ত্র' মন্তব্য করে তিনি বলেন, শুনানীর আগে ভূমি কমিশন আইনের অগণতান্ত্রিক ও বিতর্কীত ধারাসমূহ সংশোধন ও পার্বত্য চট্টগ্রামে যুগ যুগ ধরে চলে আসা প্রথাগত ভূমি আইনের যথাযথ স্বীকৃতি দিতে হবে।

তিনি ভূমি কমিশনের চেয়ারম্যান খাদেমুল ইসলামকে একটি বিশেষ মহলের ক্রীড়নক বলে আখ্যায়িত করেন এবং বলেন, তার স্বেচ্ছাচারী, পক্ষপাতমূলক ও বিতর্কীত আচরণের কারণে পার্বত্য চট্টগ্রামে ভূমি সমস্যা সমাধানের পরিবর্তে আরো জটিল রূপ নিচ্ছে।

ইউপিডিএফ নেতা অবিলম্বে খাদেমুল ইসলামকে অপসারণের দাবি জানান এবং বলেন তার এক তরফা ও বিতর্কীত শুনানী পার্বত্য চট্টগ্রামের জনগণ কখনোই মেনে নেবে না।