শুক্রবার, ২৭ এপ্রিল, ২০১২

লামায় আ'লীগ নেতার বিরুদ্ধে ভূমি দখলের অভিযোগ

কেটে দেওয়া হয়েছে ৫ হাজার ফলদ গাছ

সিএইচটি নিউজ বাংলা, ২৭ এপ্রিল ২০১২
বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের ফাইতং মৌজায় আজীজনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের বিরুদ্ধে ভূমি দখলের অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার দখলকৃত জায়গায় দুই ত্রিপুরা পাড়াবাসী মানববন্ধন করেছে। পাড়াবাসীর অভিযোগ, ভূমি দখল করতে গিয়ে এক আদিবাসী ত্রিপুরার ২ হাজার কলা, ২০০ আম ও কাঁঠাল, এক হাজার ৫০০ সেগুন ও এক হাজার বিভিন্ন ফলদ গাছসহ প্রায় ৫ হাজার চারাগাছ কেটে দিয়েছে ওই আওয়ামী লীগ নেতার লোকজন। এমনকি কেটে দেওয়ার চিহ্ন মুছে ফেলতে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে এসব গাছগাছালি।(খবর দৈনিক সমকাল, ২৭ এপ্রিল ২০১২)
মানববন্ধনে উপজেলার রাংচুঙ্গপাড়া ও বঙ্গপাড়ার লোকজন অভিযোগ করেন, দীর্ঘদিন থেকে ওই জায়গা দখলের চেষ্টা চালিয়ে আসছে এলাকার প্রভাবশালী ও লামা উপজেলা আজীজনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সেলিম রহমান ও তার বড় ভাই সাইদুর রহমান। শনিবার দুপুরের দিকে সেলিম রহমান ৩০-৪০ জন সন্ত্রাসী এনে প্রভাত ত্রিপুরার জায়গার ফলদ বাগানের গাছ কাটা শুরু করে। শনি থেকে সোমবার পর্যন্ত তিন দিনে সন্ত্রাসীরা প্রায় ৫ হাজার গাছ কেটে ফেলে। জায়গার মালিকসহ পাড়াবাসী বাধা দিতে গেলে ভাড়া করা সন্ত্রাসীরা দেশি অস্ত্র নিয়ে তাদের তাড়া করে।
প্রভাত ত্রিপুরা ও তার স্ত্রী হাসাতি ত্রিপুরা জানান, ২০ বছর ধরে ১০ একর জায়গায় কলা, কাঁঠাল, আম, বেল, লিচু, পেয়ারা, কমলাসহ বিভিন্ন ফলদ গাছ ও সেগুন চারা রোপণ করেছেন।
ওই ফলদ বাগান তাদের একমাত্র আয়ের উৎস। রাংচুঙ্গপাড়ার পাড়াপ্রধান সাজাচন্দ্র ত্রিপুরা ও বঙ্গপাড়া কারবারি নাজিরাম ত্রিপুরা জানান, ভূমিদস্যুরা আওয়ামী লীগের নেতা হওয়ায় এলাকায় তাদের প্রভাব রয়েছে। তাদের পরিবারের দাপটের কাছে অসহায় ত্রিপুরা পাড়ার বাসিন্দারা।