সিএইচটি নিউজ বাংলা, ১ সেপ্টেম্বর ২০১৩, রবিবার
খাগড়াছড়ি জেলায় মাটিরাংগা উপজেলার তাইন্দং-এ সেটলার হামলার শিকার পাহাড়ি জনগণের ১০জনের একটি প্রতিনিধি দল তাদের দুঃখ-দুর্দশার কথা দেশবাসীকে জানাতে আজ ০১ সেপ্টেম্বর রবিবার সকালে ঢাকায় পৌঁছেছে। এ দলটি ঢাকার ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ-সাংবাদিক-রাজনৈতিক নেতৃবৃন্দ-পাহাড়ি পেশাজীবি নেতৃবৃন্দ সহ বিভিন্ন ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় করবে।
প্রতিনিধি দলটি আগামী ২ সেপ্টেম্বর সোমবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সক্রিয় বিভিন্ন প্রগতিশীল ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের সাথে মত বিনিময় করবে। এছাড়াও দলটির সদস্যগণ একই দিনে পাহাড়ি পেশাজীবি নেতৃবৃন্দের সাথে ঘরোয়া মতবিনিময় সভায় মিলিত হবেন।
উক্ত প্রতিনিধি দলের সদস্যরা পার্বত্য চট্টগ্রামের অধিকার আদায়ের তিন লড়াকু সংগঠন কর্তৃক ঢাকার জাতীয় যাদুঘরের সামনে ৩ সেপ্টেম্বর মঙ্গলবার বিকালে আয়োজিত এক সংহতি সমাবেশেও যোগদান করবেন।
উল্লেখ্য, গত ৩ আগস্ট খাগড়াছড়ি জেলায় মাটিরাংগা উপজেলার তাইন্দং-এ সেটলার কর্তৃক কয়েকটি পাহাড়ি গ্রামে হামলা, ভাংচুর, লুটপাট ও বাড়িঘরে অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় পাহাড়িদের ৩৪ টি বাড়ি, একটি বৌদ্ধ বিহারের দেশনা ঘর ও একটি দোকান সম্পূর্ণ পুড়ে যায়। এছাড়া এ ঘটনায় দুইটি বৌদ্ধ মন্দির ও বুদ্ধ মূর্তি ভাংচুর লুটপাট সহ পাহাড়িদের বাড়িঘরে ব্যাপক ভাংচুর ও লুটপাট চালানো হয়।
-----