সিএইচটি নিউজ বাংলা, ৬
আগস্ট ২০১৩, মঙ্গলবার
খাগড়াছড়ি : খাগড়াছড়ির রামগড়
উপজেলার তৈচাকমা ও বেলছড়ি এলাকায় সেটলার দুষ্কৃতিকারী কর্তৃক পাহাড়িদের দোকান ভাংচুর
ও লুটপাটের প্রতিবাদে তৈচাকমা এলাকাবাসী মানবন্ধন করেছে।
আজ ৬ আগস্ট মঙ্গলবার সকাল
১১টায় রামগড় বাজারে অনুষ্ঠিত মানববন্ধনে ২নং পাতাছড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মনিন্দ্রলাল
ত্রিপুরার সভাপতিত্বে বক্তব্য রাখেন রামগড় উপজেলা ভাইস চেয়ারম্যান মংসাপু মারমা, গণতান্ত্রিক
যুব ফোরামের রামগড় উপজেলা প্র্রতিনিধি সুদীপ্তি ত্রিপুরা, বড় বেলছড়ি গ্রামের যুব সমাজের
প্রতিনিধি বিজয় সেন ত্রিপুরা ও হরিসাধন বৈষ্ণব প্রমুখ।
বক্তারা বলেন, সেটলাররা
মিথ্যা অজুহাত সৃষ্টি করে তৈচাকমা ও বেলছড়ি এলাকায় ঢুকে পাহাড়িদের গ্রামে ঢুকে দোকানপাট
ভাংচুর ও লুটপাট চালিয়েছে। একইভাবে অপহরণের গুজব রটিয়ে গত ৩ আগস্ট সেটলার বাঙালিরা
মাটিরাঙ্গার তাইন্দংয়ে পাহাড়িদের গ্রামে হামলা, বাড়িঘরে অগ্নিসংযোগ, ভাংচুর ও লুটপাটের
ঘটনা ঘটিয়েছে।
বক্তারা অবিলম্বে দোকান
ভাংচুর ও লুটপাটের সাথে জড়িত সেটলার দুষ্কৃতিকারীদের গ্রেফতার ও শাস্তির দাবি জানান।
উল্লেখ্য, যে গতকাল সোমবার
ইউপিডিএফ’র ডাকা সড়ক অবরোধ চলাকালে একটি মোটর সাইকেল ভাংচুরের খবর পেয়ে ২টি জীপ গাড়িতে
করে ডাইনছড়ি এলাকা থেকে একদল সেটলার বাঙালি তৈচাকমা ও ছোট বেলছড়ি গ্রামে ঢুকে পাহাড়িদের
মালিকানাধীন ৩টি দোকান ভাংচুর করে ও জিনিসপত্র লুট করে নিয়ে যায়। এ সময় তারা দোকানদার
অমেন্দ্র ত্রিপুরাকেও ধরে নিয়ে নিয়ে যায় এবং মারধর করে।
-----