সিএইচটি নিউজ বাংলা, ২৫
আগস্ট ২০১৩, রবিবার
ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক
ফ্রন্ট (ইউপিডিএফ) চট্টগ্রাম মহানগর ইউনিটের সংগঠক বকুল চাকমা ও গণতান্ত্রিক যুব ফোরাম
বন্দর থানা শাখার সভাপতি বিজয় চাকমা আজ রবিবার ২৫ আগস্ট এক যুক্ত বিবৃতিতে চট্টগ্রামের
ইপিজেডে চীনা মালিকানাধীন বন্ড সু ফ্যাক্টরীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পাহাড়ি-বাঙালি
শ্রমিকদের মধ্যে মারামারি ও পরে প্রকাশ্য দাঙ্গার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
বিবৃতিতে তারা বলেন, যেখানে
জাতি ধর্ম বর্ণ লিঙ্গ নির্বিশেষে সব শ্রমিকের মধ্যে সংহতি জোরদার হওয়া দরকার, নিজেদের
অধিকারের জন্য ঐক্যবদ্ধভাবে সংগ্রাম জারি থাকা দরকার, সেখানে পাহাড়ি ও বাঙালি শ্রমিকদের
নিজেদের মধ্যে সংঘাত অত্যন্ত দুঃখজনক, অনভিপ্রেত ও সামগ্রিক শ্রমিক স্বার্থের জন্য
হানিকর।
যারা এই ধরনের সংঘাতের
উস্কানি দেয় তারা পাহাড়ি-বাঙালি কারোর বন্ধু নয় মন্তব্য করে নেতৃদ্বয় বলেন, ইপিজেডে
কর্মরত সকল শ্রমিককে এদের ব্যাপারে অত্যন্ত সজাগ থাকতে হবে এবং সবার উপরে শ্রমিকদের
সামগ্রিক স্বার্থকে প্রাধান্য দিতে হবে।
নেতৃবৃন্দ ইপিজেডসহ চট্টগ্রামে
কর্মরত পাহাড়িদের নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে সরকারের প্রতি দাবি জানান।
-----