সিএইচটি নিউজ বাংলা, ১৮
জুলাই ২০১৩, বৃহস্পতিবার
রাঙামাটি জেলার বাঘাইছড়িতে
৫ টেলিটক কর্মীকে উদ্ধারে সেনা অভিযানের নামে নিরীহ লোকজনকে নির্যাতন ও হয়রানি বন্ধের
দাবি জানিয়েছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডএফ)। বাঘাইছড়ি উপজেলার ইউপিডিএফ’র
প্রধান সংগঠক সমশান্তি চাকমা আজ বৃহস্পতিবার সংবাদ মাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে এ দাবি
জানান।
বিবৃতিতে তিনি সেনা অভিযানের
নামে সাধারণ নিরীহ লোকজনকে নির্যাতন ও হয়রানির তীব্র নিন্দা জানিয়েছেন।
তিনি অভিযোগ করে বলেন,
“৯ জুলাই থেকে চলা সেনা অভিযানে সাধারণ নিরীহ পাহাড়িদেরকে অহেতুক মারধর ও হয়রানি করা
হচ্ছে। আজ ১৮ জুলাই বৃহস্পতিবার সকালে সেনাবাহিনীর সদস্যরা বঙ্গলতলী, বালুখালী, তিনধাল্যা
ও রূপকারীসহ বিভিন্ন এলাকায় অপারেশন চালায়। এ সময় তারা বালুখালী গ্রামের জলঙ্গ কুমার
চাকমার ছেলে জ্ঞানাঙ্কর চাকমাকে (৩৫) মারধর ও তার বড় ভাই সরণাঙ্কর চাকমার বাড়ি তল্লাশি করে। এছাড়া সেনারা একই গ্রামের লক্ষীরাজ চাকমা (৩২) ও স্নেহ কুমার চাকমাকে (৪৫) আটক
করে নিয়ে যায়।
এর আগে সেনা সদস্যরা পশ্চিম
বালুখালী গ্রামের পূর্ণদর্শী চাকমা (৫০), ঝগড়াবিল গ্রামের নোবেল চাকমা (১৯) ও রুবেল
চাকমার (২২) কাছ থেকে মোবাইল ফোন ছিনিয়ে নেয়।”
তিনি বলেন, বেশ কয়েকটি
গ্রুপে ভাগ হয়ে সেনারা এই অভিযান চালাচ্ছে। তাদের নির্যাতন ও হয়রানির কারণে সাধারণ
পাহাড়িদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।
ইউপিডিএফ নেতা অবিলম্বে
সেনা অপারেশনের নামে জনগণের উপর হয়রানি ও নির্যাতন বন্ধের দাবি জানান।
-----