শুক্রবার, ১৪ জুন, ২০১৩

খাগড়াছড়িতে বাগানের গাছ কাটাকে কেন্দ্র করে সেটলারদের রাস্তা অবরোধ করে মিছিল, এলাকায় উত্তেজনা

সিএইচটি নিউজ বাংলা, ১৪ জুন ২০১৩, শুক্রবার

খাগড়াছড়ি: খাগড়াছড়ির রামগড়ের পশ্চিম পিলাভাঙা এলাকায় একটি বাগানের গাছ কেটে দেয়াকে কেন্দ্র করে সেটলাররা জালিয়া পাড়ায় রাস্তা অবরোধ করে মিছিল করেছে।

জানা যায়, গত ১২ জুন  বুধবার রাতে কে বা কারা রামগড়ের হাফছড়ি ইউনিয়নের নাভাঙা মৌজার পশ্চিম পিলাভাঙা এলাকায় হাজি কোম্পানীর মালিকানাধীন একটি বাগানের গাছ কেটে দেয়।

আজ শুক্রবার সকালে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ ৫০/৬০ জন সেটলার বাঙালি উক্ত বাগানে গিয়ে ক্ষয়ক্ষতি দেখে আসে।

এরপর দুপুরের দিকে স্থানীয় সেটলার বাঙালিরা জালিয়া পাড়া এলাকায় একত্রিত হয়ে রাস্তায় গাছ ফেলে অবরোধ সৃষ্টি করে মিছিল বের করে। এ সময় স্থানীয় পাহাড়িদের মধ্যে চরম আতঙ্ক দেখা দেয়।

পরে স্থানীয় চেয়ারম্যান ও মুরুব্বীদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে।

এখানে উল্লেখ করা প্রয়োজন যে, গত ১২ জুন একই এলাকার অংসা মারমা নামে এক পাহাড়ির বাগান থেকে জনৈক সেটলার কর্তৃক জোরপূর্বক বাঁশ কেটে নিয়ে যাওয়ায় সে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছিল।
------