শনিবার, ২৯ জুন, ২০১৩

মাটিরাঙ্গায় বিজিবি কর্তৃক এক নিরীহ গ্রামবাসী আটক

সিএইচটি নিউজ বাংলা, ২৯ জুন ২০১৩, শনিবার

মাটিরাঙ্গা(খাগড়াছড়ি) : খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার গোমতি ইউনিয়নের রনজিৎ হেডম্যান পাড়া থেকে বিজিবি সদস্যরা গতকাল ২৮ জুন শুক্রবার রাতে বাপ্পি ত্রিপুরা(৪২) পিতা মৃত দজেন্দ্র ত্রিপুরা নামে এক নিরীহ গ্রামবাসীকে নিজ বাড়ি থেকে আটক করে নিয়ে গেছে।

জানা যায়, শুক্রবার রাত সাড়ে ১০টার সময় পলাশপুর জোন থেকে একদল বিজিবি সদস্য রনজিৎ হেডম্যান পাড়ায় হানা দেয়। বিজিবি সদস্যরা প্রথমে রনজিৎ হেডম্যানের বাড়ি ঘেরাও করে তল্লাশি চালায়। এ সময় সেখানে অবস্থানরত সরকারীভাবে প্রতিবন্ধী জরিপকারী কয়েকজনকেও তারা ব্যাপক জিজ্ঞাসাবাদ করে।

এরপর বিজিবি সদস্যরা বাপ্পি ত্রিপুরার বাড়ি ঘেরাও করে তাকে ঘুম থেকে তুলে আটক করে নিয়ে যায়। কি কারণে তাকে আটক করা হয়েছে তা জানা যায়নি।

উল্লেখ্য, 'সম্প্রতি মাটিরাঙ্গার বিভিন্ন এলাকায় পাহাড়িদের উপর হামলা ও নির্যাতন বেড়ে গেছে। প্রায় প্রতিদিনই বিনাকারণে নিরীহ পাহাড়িদের আটক, নির্যাতন, ভয়-ভীতি প্রদর্শন ও বাড়ি ঘেরাও-এর ঘটনা ঘটিয়ে পাহাড়িদেরকে সব সময় ভয়ভীতি ও আতঙ্কের মধ্যে থাকতে বাধ্য করা হচ্ছে।

-----