সিএইচটি নিউজ বাংলা, ২৪ অক্টোবর ২০১২, বুধবার
বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি)-এর কেন্দ্রীয় সভাপতি সুমেন চাকমা
ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি শিমন চাকমার নেতৃত্বে ১৫ সদস্যের একটি টীম
গতকাল ২৩ অক্টোবর কক্সবাজারের রামুর ক্ষতিগ্রস্ত বৌদ্ধ অধ্যুষিত এলাকা ও বৌদ্ধ মন্দির
পরিদর্শন করেছে। ক্ষতিগ্রস্ত এলাকাবাসী ও ধর্মীয় গুরুদের সাথে কথা বলে তারা গত ২৯-৩০
সেপ্টেম্বর বৌদ্ধ ধর্মীয় বসতি ও মন্দিরে হামলা সম্পর্কে জানার চেষ্টা করেন। এছাড়া নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত
এলাকাবাসীর সাথে সহমর্মিতা প্রকাশ করেন ও মতবিনিময় সভার মাধ্যমে হামলার তীব্র নিন্দা
ও ঘৃণা জানান।
১৫ সদস্যের সফর টিম ক্ষতিগ্রস্ত জনগণ ও ধর্মীয়
গুরুদের সাথে আলাপ করে এটা নিশ্চিত হয়েছে যে, পরিকল্পিতভাবে উক্ত
হামলা সংঘটিত করা হয়েছে এবং হামলার সময় প্রশাসন নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছে।
পরিদর্শনের পর টিমের সদস্যবৃন্দের মনে এই
ধারণা হয়েছে যে, হামলায় জড়িত বেশীর ভাগ এখনো আটক না হওয়ায় ও এলাকায় পকাশ্যে ঘোরাফিরা
করার কারণে ক্ষতিগ্রস্তদের মধ্যে এখনো আতঙ্ক বিরাজ করছে।
নেতৃবৃন্দ হামলায় জড়িত দোষীদের আটক করে দৃষ্টান্তমূলক
শাস্তি, ক্ষতিগ্রস্তদের যথোপযুক্ত ক্ষতিপূরণ, ধ্বংস হওয়া বিহার নির্মাণ ও ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে
তার জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছেন।
.......................