সিএইচটি নিউজ বাংলা, ২৯ অক্টোবর ২০১২,
সোমবার
খাগড়াছড়ি : চট্টগ্রামে বাঙালি কর্তৃক নবম শ্রেণীতে পড়ুয়া
এক পাহাড়ি কিশোরীকে(১৫) গণ ধর্ষণের প্রতিবাদে এবং ধর্ষণকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক
শাস্তির দাবিতে হিল উইমেন্স ফেডারেশন ও পাহাড়ি ছাত্র পরিষদ খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল
ও সমাবেশ করেছে।
আজ ২৯ অক্টোবর সোমবার বেলা ২টায় খাগড়াছড়ি
সদরের স্বনির্ভর বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে চেঙ্গী স্কোয়ার ঘুরে আবার
স্বনির্ভর বাজারে এসে এক প্রতিবাদ সমাবেশ করে। এতে বক্তব্য রাখেন
হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক রিনা চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক রেমিন
চাকমা ও পাহাড়ি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি উমেশ চাকমা।
বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে পাহাড়ি নারীরা প্রতিনিয়ত
ধর্ষণ, নির্যাতনের শিকার হচ্ছে। পাহাড়ি নারীরা আজ কোথাও
নিরাপদ নয়।
বক্তারা অভিযোগ করে বলেন, অপরাধীদের বিরুদ্ধে দৃষ্টান্তমুলক পদক্ষেপ গ্রহণ না করায় বার
বার এ ধরনের ঘটনা ঘটেই চলেছে। বক্তারা এ ধরনের ঘটনা বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সরকার
ও প্রশাসনের প্রতি আহ্বান জানান।
বক্তারা অবিলম্বে পাহাড়ি কিশোরীকে ধর্ষণের
সাথে জড়িতদের খুঁজে বের করে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
উল্লেখ্য, গতকাল ২৮ অক্টোবর রবিবার
সন্ধ্যায় চট্টগ্রাম মহানগরীর নাসিরাবাদের টেকনিক্যাল এলাকায় এক বন্ধুর সাথে বেড়াতে গেলে একদল বাঙালি
দুর্বৃত্ত কর্তৃক উক্ত পাহাড়ি কিশোরী গণধর্ষণের শিকার হয়। তাকে আশঙ্কাজনক অবস্থায়
চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করা হয়েছে।