সিএইচটি নিউজ বাংলা, ২৬ জুলাই ২০১২, বৃহস্পতিবার
ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টার দায়ে অভিযুক্ত
খাগড়াছড়ি এপিবিএন উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মো: কামাল উদ্দিনকে স্কুল থেকে চিরতরে
বহিষ্কার ও শাস্তির দাবিতে মানববন্ধন করেছে খাগড়াছড়ির মধুপুর এলাকার সচেতন এলাকাবাসী
ও অভিভাবকবৃন্দ। আজ ২৬ জুলাই বৃহস্পতিবার সকাল ১০টায় খাগড়াছড়ি শহরের মধুপুর এলাকায়
অনুষ্ঠিত মানববন্ধনে বিমল কান্তি চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন নমিতা চাকমা, লালসা চাকমা,
নমিতা ত্রিপুরা, সৌরভ তালুকদার, চাইহ্লাপ্রু মারমা ও
হারিশ সওদাগর প্রমুখ।
বক্তারা অবিলম্বে কামাল উদ্দিনকে স্কুল থেকে
চিরতরে বহিষ্কার ও শাস্তির দাবি জানান। মানববন্ধন শেষে খাগড়াছড়ি জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষামন্ত্রীর
নিকট তারা একটি স্মারকলিপিও প্রদান করেন।
উল্লেখ্য, গত ১১ মে মো: কামাল
উদ্দিন এপিবিএন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে পরীক্ষার প্রশ্নপত্র
দাগিয়ে দেয়ার নাম করে তার বাসায় ডেকে এনে সুকৌশলে অন্য একটি বাড়িতে নিয়ে গিয়ে শ্লীলতাহানির
চেষ্টা চালায়। এ ঘটনা জানাজানি হওয়ার পর ছাত্রীটির কাছ থেকে জিজ্ঞেস করে ঘটনার
সত্যতা প্রমাণিত হলে খাগড়াছড়ি পৌর মেয়র, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি,
খাগড়াছড়ি সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের
উপস্থিতিতে পৌরসভা সম্মেলন কক্ষে সেদিন সন্ধ্যায় এক সালিশী বৈঠক অনুষ্ঠিত হয়। এ বৈঠকে সকলের
সর্বসম্মতিক্রমে শ্লীলতাহানির চেষ্টায় দায়ে অভিযুক্ত কামাল উদ্দিনকে স্কুল থেকে চিরতরে
বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত হয়। কিন্তু দুই মাসের অধিক অতিবাহিত হলেও তাকে বহিষ্কার না করায়
এলাকাবাসী এ মানববন্ধন করে।