সিএইচটি নিউজ বাংলা, ২২ মে ২০১২
পার্বত্য চট্টগ্রাম ভূমি কমিশনের শুনানী বাতিল
ও প্রথাগত ভূমি অধিকারের স্বীকৃতির দাবিতে আগামী ২৩ ও ২৪ মে গণতান্ত্রিক যুব ফোরামের
ডাকা সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচিতে পূর্ণ সমর্থন জানিয়েছে নির্বাচিত জুম্ম জনপ্রতিনিধি
সংসদ।
আজ ২২ মে মঙ্গলবার নির্বাচিত জুম্ম জনপ্রতিনিধি
সংসদের খাগড়াছড়ি জেলা কমিটির সাধারণ সম্পাদক ও খাগড়াছড়ি পৌর কাউন্সিলর মিলন দেওয়ান
মনাঙ এক বিবৃতিতে এ সমর্থন জানান।
বিবৃতিতে তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামে ভূমি বিরোধ নিষ্পত্তির আগে পাহাড়িদের প্রথাগত
ভূমি অধিকার নিশ্চিত করতে হবে। তা না হলে পাহাড়িদের নিজ ভূমি থেকে উচ্ছেদ হওয়ার সম্ভাবনা দেখা
দেবে। কারণ পাহাড়িরা যুগ যুগ ধরে প্রথাগত পদ্ধতিতে নিজেদের ভূমি ভোগ-দখল
করে আসছে।
তিনি আরো বলেন, ভূমি কমিশনের অগণতান্ত্রিক ধারা সংশোধন না করে চেয়ারম্যান একক
মতাবলে পার্বত্য চট্টগ্রামে ভূমি বিরোধ নিষ্পত্তি করতে চাচ্ছেন। এর মাধ্যমে তিনি কমিশনকে
আরো বিতর্কিত করেছেন। এই বিতর্কিত ভূমি কমিশনের অধীনে কিছুতেই পার্বত্য চট্টগ্রামে
ভূমি বিরোধ নিষ্পত্তি হতে পারে না।
বিবৃতিতে তিনি অবিলম্বে ভূমি কমিশনের শুনানীর
কার্যক্রম বাতিল করে পাহাড়িদের প্রথাগত ভূমি অধিকারের স্বীকৃতির দাবি জানান।