সিএইচটি নিউজ বাংলা, ১৭ জুলাই ২০১১
গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক সুপ্রীম চাকমাকে চট্টগ্রাম মহানগরীর বটতলী রেল স্টেশন থেকে গ্রেফতার করা হয়েছে। গতকাল শনিবার, ১৬ জুলাই, রাত সাড়ে ন'টার দিকে ইউপিডিএফ-এর পোস্টার লাগাতে গেলে সাদা পোষাকধারী গোয়েন্দা পুলিশ তাকে আটক করে। এখনো তাকে আদালতে সোপর্দ করা হয়নি।
ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর কেন্দ্রীয় সদস্য উজ্জ্বল স্মৃতি চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের সভাপতি নতুন কুমার চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের সাধারণ সম্পাদক কণিকা দেওয়ান ও পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি অংগ্য মারমা এক যুক্ত বিবৃতিতে সুপ্রীম চাকমাকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
নেতৃবৃন্দ অবিলম্বে তার নিঃশর্ত মুক্তি দাবি করে বলেন, পাহাড়িদের ওপর জোরপূর্বক চাপিয়ে দেয়া বাঙালি জাতীয়তার বিরুদ্ধে জনগণের যে স্বতঃস্ফূর্ত আন্দোলন চলছে তা দমনের উদ্দেশ্যে সরকার এভাবে অন্যায় ধরপাকড় শুরু করেছে৷ "কিন্তু পার্বত্য চট্টগ্রামের গণতান্ত্রিক সংগঠনের নেতা-কর্মীদের ওপর দলন চালিয়ে জনগণের ন্যায়সঙ্গত আন্দোলনকে কখনো স্তব্ধ করা যাবে না " বলে তারা মন্তব্য করেন।
তারা সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিল, পাহাড়িসহ দেশের সংখ্যালঘু জাতিসমূহের নিজ জাতিগত পরিচিতি ও অধিকারের স্বীকৃতি প্রদান এবং পার্বত্য চট্টগ্রামকে বিশেষ স্বায়ত্তশাসিত অঞ্চল ঘোষণার দাবি জানান।